বরিশাল মেডিকেলে রাজনীতি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতের এ ঘটনার পর কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ঘটনা তদন্তে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজে গত রোববার শুরু হয় স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাবের ১৮তম কেন্দ্রীয় সম্মেলন। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার রাত নয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানে ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তা পুরো কলেজে ছড়িয়ে পড়ে। দুই পক্ষ দুই ছাত্রাবাসে অবস্থান নেয়। রাত সাড়ে তিনটার পর অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, মেডিকেল কলেজ ছাত্রলীগ মূলত দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতাদের প্রাধান্য দিয়ে গত ১৯ অক্টোবর কমিটি ঘোষণা করা হলে অপর পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে মহানগর ছাত্রলীগ ওই কমিটি স্থগিত করলেও দুই পক্ষের টানাপোড়েন চলছিলই। মেডিসিন ক্লাবের অনুষ্ঠান চলাকালে সেই বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে।
ছাত্রলীগের এক পক্ষের নেতা অনুপ সরকার প্রথম আলোকে বলেন, স্থগিত হওয়া কমিটির সভাপতি ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান অরাজনৈতিক সংগঠন মেডিসিন ক্লাবের অনুষ্ঠানের মঞ্চে গিয়ে জোর করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
অপর পক্ষের নেতা ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, মেডিসিন ক্লাবের অনুষ্ঠানে গেলে সেখানে অনুপ সরকারের নেতৃত্বে তাঁদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া দেন।
কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে রাজনীতি বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। আর ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামায়াত হোসেন বলেন, মূলত কমিটি নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। এ নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটে।