বরিশাল লঞ্চঘাট থেকে সন্দেহভাজন চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিফাত শরীফ
রিফাত শরীফ

বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বরিশাল থেকে চার যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে তাঁদের আটক করে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ। আটক করা চার যুবক বরিশাল থেকে ঢাকাগামী এমভি মানামী লঞ্চে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছিলেন। তবে লঞ্চ ছাড়ার আগেই পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম প্রথম আলোর কাছে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আটক চারজনের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানালেও পুলিশের পক্ষ থেকে তাঁদের নাম-পরিচয় বলা হয়নি।


ওসি মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, সকাল থেকেই বরিশাল নগরের বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে পুলিশের সদস্যরা নজরদারি করছিলেন, যাতে রিফাত হত্যা মামলার কোনো আসামি বরিশাল হয়ে পালাতে না পারেন। রাতে বরিশাল থেকে ঢাকাগামী সব লঞ্চে তল্লাশি করা হয়। সে সময় এমভি মানামী লঞ্চের নিচতলার ডেক থেকে চার যুবককে আটক করা হয়।
তিনি জানান, আটক যুবকদের মধ্যে একজনের চেহারা রিফাত হত্যা মামলার এক আসামির সঙ্গে মিল রয়েছে।
এ মুহূর্তে থানায় পুলিশের বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। রিফাতের ওপর হামলার ভিডিও ফুটেজ দেখেও তাঁদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, আটক যুবকদের শনাক্তে বরগুনা জেলা পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। রিফাত হত্যায় তাঁদের সম্পৃক্ততা পেলে আটক চারজনকে বরগুনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর সম্পৃক্ততা না থাকলে জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হবে।
তবে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশের এই কর্মকর্তা আটক চার যুবকের নাম বলতে চাননি। তিনি বলেন, তাঁরা যে নাম-ঠিকানা বলছেন, তা সত্য কি না যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তাঁদের বলা নাম-পরিচয়ের বিষয়ে নিশ্চিত হলে প্রকাশ করা হবে। রাত সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখার সময় তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

এর আগে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন আসামির মধ্যে মামলার ৪ নম্বর আসামি চন্দনকে (২১) বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে গ্রেপ্তার হয় মামলার ৯ নম্বর আসামি হাসান (১৯)। তদন্তের স্বার্থে দুপুরে গ্রেপ্তার আরেক আসামির নাম জানায়নি পুলিশ।

নিহত রিফাতের বাবা বুধবার ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় পাঁচ–ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।

উল্লেখ্য, বুধবার সকালে বরগুনার কলেজ সড়কের ক্যালিক্স কিন্ডারগার্টেনের সামনে প্রকাশ্যে স্ত্রী আয়েশা সিদ্দিকার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হামলার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। নিহত রিফাত সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুলাল শরীফের ছেলে।

আরও পড়ুন...