বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গ্রেপ্তার
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সহসভাপতি কে এম শহীদুল্লাহকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত মঙ্গলবার রাতে তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। রাতেই মামলা করে তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
তবে কে এম শহীদুল্লাহর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মঙ্গলবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে সাদা মাইক্রোবাসে করে তাঁকে তুলে নেওয়া হয়।
গতকাল বুধবার র্যা ব-৮-এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরের দক্ষিণ আলেকান্দা মেডিকেল কলেজ লেন এলাকায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি কে এম শহিদুল্লাহ (৪৯) তাঁর বাসভবনে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছেন। রাত পৌনে ১০টায় শহীদুল্লাহর বাসভবনের ভেতরে ব্যবসায়িক কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি তাঁর কাছে অস্ত্র ও গুলি থাকার কথা অস্বীকার করেন। পরে কার্যালয় কক্ষের দক্ষিণ পাশের লোহার গ্রিল দ্বারা ঘেরা সুরক্ষিত বারান্দা থেকে একটি পুরোনো বস্তার মধ্য থেকে বিদেশি পিস্তলসহ তিনটি গুলি উদ্ধার করা হয়। এ সময় তিনি অস্ত্র ও গুলি রাখার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
কে এম শহীদুল্লাহর পরিবারের দাবি, মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহীদুল্লাহকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী অজ্ঞাত ব্যক্তিরা। প্রথমে অপহরণ ভাবলেও শহীদুল্লাহ তাঁর মুঠোফোন থেকে মেয়েকে জানান, র্যা ব তাঁকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
শহীদুল্লাহর শ্যালক আনোয়ার হোসেন বলেন, শহীদুল্লাহর মুঠোফোনে দেওয়া তথ্য অনুযায়ী র্যা ব-৮-এর কার্যালয়ে তিনি খোঁজ নিতে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে জানানো হয়েছে, শহীদুল্লাহ নামের কাউকে আটক করা হয়নি। রাত ১০টার দিকে র্যা ব সদস্যরা বাসায় তল্লাশি চালান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন গতকাল বুধবার বলেন, কে এম শহীদুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।