বরিশালের উজিরপুরের ইচলাদী এলাকা থেকে গত রোববার এক স্কুলছাত্রীকে আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় ওই মামলা করেন।
মামলায় আসামি করা হয়েছে পনির (২৫) নামের এক তরুণকে। অভিযুক্ত পনিরের বাড়ি বানারীপাড়া উপজেলায়।
রোববার বিকেলে ইচলাদী এলাকা থেকে ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে পুলিশি হেফাজতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উজিরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে মামার বাড়ি থেকে খালার বাড়ি যাচ্ছিল ওই ছাত্রী। কিছুক্ষণ পরই গুরুতর আহত অবস্থায় তার খালা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশ ভ্যানে করে তাকে বরিশালে নেওয়া হয়।
মেয়েটির খালা বলেন, বিকেলে একজন তাঁকে মুঠোফোনে জানান তাঁর ভাগনি ইচলাদী এলাকায় পড়ে আছে। তিনি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। ঘটনা কীভাবে ঘটল বা কে জড়িত তা তিনি বলতে পারেননি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, চিকিৎসাধীন কিশোরী জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রোববার নানার বাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার সময় পূর্বপরিচিত বানারীপাড়ার পনির তাকে ফুসলিয়ে বরিশাল নিয়ে আসে। পরে একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর ইচলাদী এলাকায় ফেলে যায়। সেখানে সে অচেতন হয়ে পড়ে।