বরিশালে অটোরিকশা শ্রমিকদের মিছিলে পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের একটি মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। গতকাল সোমবার দুপুরে সদর রোডের বিবির পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নীতিমালার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতিসহ চার দফা দাবি আদায়ে বেলা ১১টার দিকে মিছিল বের করেন অটোরিকশা শ্রমিকেরা। বগুড়া রোড থেকে বের হওয়া মিছিলটি সদর রোডে বিবির পুকুর এলাকা অতিক্রমকালে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। অবৈধ দাবি নিয়ে শ্রমিকেরা মিছিল বের করেছিলেন। তা ছাড়া তাঁরা মিছিলের জন্য কোনো অনুমতিও নেননি। তাই তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।