বরিশালে অপহৃত দুই আলোকচিত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ছবি তুলতে এসে অপহৃত ঢাকার দুই পেশাদার আলোকচিত্রী—আশিক কবির (২৭) ও আল আমিন রবিনকে (২৭) উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহরণকারী সন্দেহে চার তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নগরের বাংলাবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণেরা হলেন শাহ ইমাম হোসেন, সাকিব হাসান, সিয়াম ওরফে রাজীব ও আবিদ আল-আমিন।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আজাদ রহমান প্রথম আলোকে জানান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদীপ্ত সরকার বুধবার বিকেলে ঢাকার দুই আলোকচিত্রী অপহৃত হয়েছেন—এমন একটি তথ্য জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গোয়েন্দা পুলিশ অভিযানে নামে। বুধবার রাত আটটার দিকে নগরের বাংলাবাজার এলাকা থেকে একটি নোহা মাইক্রোবাসে করে দুই আলোকচিত্রীকে নগরের বাইরে নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। এ সময় দুই আলোকচিত্রী উদ্ধার হন। এ ঘটনায় অপহৃত আশিক কবির বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
অপহৃত ব্যক্তিরা জানান, ঢাকার উইডিং মোমেন্টস বাই আফজাল নাজিম নামের একটি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ছবি তোলার কাজ করে। ইমাম ও সাকিব ১৫ হাজার টাকায় প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের ছবি তোলার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তাঁরা পাঁচ হাজার টাকা অগ্রিম দেন। গত মঙ্গলবার ইমাম ও সাকিব ফটোগ্রাফি প্রতিষ্ঠানের দুই আলোকচিত্রী আশিক ও রবিনকে নিয়ে লঞ্চযোগে ঢাকা থেকে বরিশালে আসেন। বুধবার সকালে কীর্তনখোলা নদীর বিভিন্ন স্থানে ঘুরে ছবি তোলার একপর্যায়ে তাঁদের অপহরণ করা হয়। এ সময় আলোকচিত্রীদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি ঢাকায় উইডিং প্রতিষ্ঠানের মালিক আফজাল নাজিমকে জানানো হলে তিনি আশিকের বিকাশ নম্বরে ২৫ হাজার টাকা পাঠান। বেলা দুইটার দিকে রবিনকে কীর্তনখোলার চরে আটকে রেখে আশিককে বরিশালের একটি হোটেলে এনে বিকাশের গোপন নম্বর (পাসওয়ার্ড) নিয়ে নেয় অপহরণকারীরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হোটেল থেকে আশিককে একটি মাইক্রোবাসে তোলা হয়। ওই মাইক্রোবাসে আগেই রবিনকে তোলা হয়েছিল। পরে কুয়াকাটার উদ্দেশে রওনা হলে বাংলাবাজার এলাকায় পুলিশ তাঁদের আটক করে।