বরিশালে অপহৃত শিশু আবদুল্লাহ উদ্ধার
বরিশালে সাড়ে তিন বছরের শিশু আবদুল্লাহ আল নাফি উদ্ধার হয়েছে। অপহরণের তিন দিন পর আজ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে শিশুটিকে।
আজ বেলা সাড়ে ১১টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) বরিশাল সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিশু আবদুল্লাহ উদ্ধারের ঘটনা তুলে ধরা হয়।
আবদুল্লাহ ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রোববার আমুয়া পূর্বপাড়া গ্রাম থেকে আবদুল্লাহকে অপহরণ করা হয়। পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্ত মো. জুয়েল হাওলাদার (২৭) ও মো. সুজন হাওলাদার (২৭)। ওই দিন শিশু আবদুল্লাহ অপহরণের ঘটনায় কাঁঠালিয়া থানায় একটি মামলা করেন শিশুর বাবা মো. কামাল হোসেন। একই সঙ্গে তাঁরা শিশু উদ্ধারে র্যাবের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করে র্যাব।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিশুটির মুক্তিপণ বাবদ অপহরণকারীরা তার মা-বাবা অপহরণকারীদের বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান। র্যাবের পরামর্শমতো বাকি টাকা দিচ্ছি-দেব বলে সময়ক্ষেপণ করেন। এ সময়ে র্যাব প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। আজ মঙ্গলবার ভোরে স্থান পরিবর্তনের সময় বরগুনা জেলার বেতাগী উপজেলার বদনীখালী খেয়াঘাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সঙ্গে দুই অপহরণকারী এবং তাঁদের কাছ থেকে নগদ অর্থ, দুটি মুঠোফোন উদ্ধার করে র্যাব।
দুই অভিযুক্ত অপহরণকারী বিরুদ্ধে মামলা করে ঝালকাঠির কাঁঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব বরিশালের উপ-অধিনায়ক মেজর আদনান কবীর প্রথম আলোকে বলেন, ‘মুঠোফোন ট্রাক করে আমরা বেতাগী উপজেলার বদনীখলী খেয়াঘাট থেকে শিশু আবদুল্লাহকে উদ্ধার করি।’