বরিশালে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
বরিশালের কাউনিয়ার তালতলী বাজার এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মজিবুল হক (৩৭)। তাঁর বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের শালুক গ্রামে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আনসার উদ্দিন বলেন, মজিবুল হক দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করতেন। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ কিছুদিন ধরে তাঁকে অনুসরণ করে। পরে অস্ত্র কেনার সূত্র ধরে একসময় মজিবের সঙ্গে সখ্য গড়ে তোলেন তাঁরা। গত মঙ্গলবার রাতে অস্ত্র ও গুলি কেনার জন্য তালতলী এলাকায় তাঁর ভাড়া বাসায় যায় গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে একটি পাইপগান ও একটি গুলিসহ তাঁকে আটক করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) চিন্ময় মিত্র কাউনিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহবুবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মজিবুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আনসার উদ্দিন বলেন, গতকাল বুধবার গোয়েন্দা পুলিশ মজিবুলকে আদালতে পাঠিয়েছে।