বরিশালে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে আগ্নেয়াস্ত্রসহ কালু গাজী (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব। গতকাল সোমবার রাত ১২টার দিকে নগরের দপদপিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। র‍্যাবের-৮-এর ভাষ্য, আটক করা কালু গাজী আন্তজেলা ডাকাত দলের সরদার। তাঁর ঘর থেকে একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও চারটি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের সহকারী পরিচালক মো. হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর দপদপিয়া এলাকায় তাঁরা অভিযান চালান। তাঁদের কাছে তথ্য ছিল, ওই সময় কালু গাজী দপদপিয়া এলাকায় অবস্থান করছেন। অভিযানে কালু গাজীর ঘর থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় র‍্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে একটি মামলা করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।