বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক
বরিশালে সাবমেশিন কার্বাইনসহ (এসএমসি) মামুন মুন্সি (৩৬) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মেশিনগানের দুটি ম্যাগাজিন এবং দুটি গুলিও উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর বাজার থেকে তাঁকে আটক করা হয়। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নৌবন্দর থানার খন্তাখালী এলাকার আবদুল করিম মুন্সির ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, মামুন মুন্সির কাছে এসএমসি মেশিনগান রয়েছে এবং তিনি ডাকাতিসহ নানা অপকর্মে অস্ত্রটি ব্যবহার করে আসছেন বলে স্থানীয় লোকজন নৌবন্দর এবং বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন। এরপর তাঁর কাছ থেকে অস্ত্র কেনার কৌশল অবলম্বন করা হয়। একপর্যায়ে ৮০ হাজার টাকা দাম বলায় তিনি অস্ত্রটি বিক্রি করতে রাজি হন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজারচর বাজারে আগ্নেয়াস্ত্রটি নিয়ে এলে তাঁকে আটক করা হয়। এ সময় দুটি ম্যাগাজিন এবং মামুনের শরীর তল্লাশি করে দুটি গুলিও উদ্ধার করা হয়।
থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, এ ধরনের আগ্নেয়াস্ত্র সেনাবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীর হাতে থাকার কথা নয়। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার বরিশালে এটাই প্রথম। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।