বরিশালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসাধারণ সম্পাদক মো. ইদ্রিস মাঝিকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার সকালে ওই ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইদ্রিস মাঝির চাচাতো ভাই মো. জনির ভাষ্যমতে, সম্পত্তি নিয়ে ইদ্রিস মাঝির পরিবারের সঙ্গে তাঁর ফুফাতো ভাই ইকবাল হাওলাদারের বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে চার্জ দেওয়ার নাম করে ইকবাল হাওলাদার ইদ্রিস মাঝির ঘরে গিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান। ইদ্রিস মাঝি চিৎকার করলে ইকবাল পালিয়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মেহেন্দীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান জানান, এলোপাতাড়ি কোপানোর ফলে ইদ্রিসের প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁর মাথা, বুক, বাঁ হাঁটু ও পায়ে মোট সাতটি আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।