বরিশালে ইটভাটায় পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া এলাকায় গড়ে উঠেছে ড্রাম চিম​নির অবৈধ ইটভাটা। এটিতে ​কাঠ পু​ি​ড়য়ে ইট তৈরি করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া এলাকায় গড়ে উঠেছে ড্রাম চিম​নির অবৈধ ইটভাটা। এটিতে ​কাঠ পু​ি​ড়য়ে ইট তৈরি করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছে। এসব ইট প্রস্তুত করতে প্রতিদিন পোড়ানো হচ্ছে কয়েক হাজার মণ কাঠ।
পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয় জানায়, বরিশাল বিভাগে মোট ৩৫৭টি ইটভাটা রয়েছে। এর মধ্যে আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করা হয়েছে ১৫০টি। বাকিগুলোর মধ্যে ১৪১টি ফিট চিমনির ও ৬৬টি অবৈধ ড্রাম চিমনির ইটভাটা। সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে বরিশাল জেলায়, ১৫৩টি। এর মধ্যে ৫৮টি অবৈধ ড্রাম চিমনির। এ ছাড়া ভোলায় ৫১টি, বরগুনায় ৪৪টি, পটুয়াখালীতে ৪১টি, ঝালকাঠিতে ৩৮টি ও পিরোজপুর জেলায় ২৯টি ইটভাটা রয়েছে।
সরেজমিনে দেখো গেছে, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া এলাকায় গড়ে তোলা হয়েছে এমএইচ ব্রিকস নামের ইটভাটা। সেখানে ড্রাম চিমনি ব্যবহার করে ইট পোড়ানো চলছে। এ ছাড়া বাবুগঞ্জ উপজেলার সনি ব্রিকস, সাজ ব্রিকস, বেঙ্গল ব্রিকস, মাস্টার ব্রিকস, বাবা ব্রিকস, মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচরে টিএবিএফ ব্রিকস, লেংগুটিয়া ইউনিয়নে এলএমবি ব্রিকস, পাতারহাট লঞ্চ ঘাটে এভিবি ব্রিকস, চানপুর ইউনিয়নে মিতালী ব্রিকস মালিকেরা ভাটায় করাতকল স্থাপন করে কাঠ চেরাই করছেন। প্রতিটি ভাটায় কয়েক হাজার মণ কাঠের স্তূপ রয়েছে। অথচ পরিবেশ অধিদপ্তরের মতে, পরিবেশ আইন অনুযায়ী কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
কাটাদিয়া এলাকার এমএইচ ব্রিকস ইটভাটার পরিচালনাকারী ইয়াসির আরাফাত জানান, ইটভাটার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নেওয়া হয়েছে কি না তা তিনি জানেন না। তবে ২০১৪ সালে একবার পরিবেশ অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসেছিলেন। ওই সময় চিমনি ভেঙে দেওয়া হয়েছিল। এরপর আবারও ড্রাম চিমনি স্থাপন করা হয়।
ইট প্রস্তুত কাজের মিস্ত্রি আলী হোসেন বলেন, প্রতিদিন ইট তৈরি করতে ৪০০ মণ কাঠ প্রয়োজন হয়। এতে মাসে ১২ হাজার মণ কাঠ লাগে।
এমএইচ ব্রিকসের মালিক এমরান আকন বলেন, ‘ইট প্রস্তুতের জন্য যতটা জায়গা প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। সে কারণে আধুনিক ইটভাটা গড়ে তোলা হয়নি। ড্রাম চিমনিতে অনুমতি দেওয়া হয় না। তাই পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র চাওয়া হয়নি। ভবিষ্যতে
জিকজ্যাক করার পরিকল্পনা রয়েছে। তখন অনুমতি নিয়েই করব।’
মেহেন্দিগঞ্জ উপজেলার লেংগুটিয়া ইউনিয়নের এলএমবি ব্রিকসের মালিক জাকির বলেন, বাংলা চুলায় ইটভাটার অনুমতি দেওয়া হবে না, তাই অনুমতি বা ছাড়পত্র চাওয়া হয়নি।
ভাসানচর এলাকার টিএবিএফ ইটভাটা মালিক জামাল উদ্দিন বলেন, ‘আমি এ বছর নতুন ইটভাটা করেছি। সবাই কাঠ পোড়াচ্ছে, আমরাও পোড়াচ্ছি। জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি।’
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, অধিদপ্তর ২০১২ সাল থেকে অবৈধ ড্রাম চিমনির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বাকেরগঞ্জের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়েছে। কয়েক দিন আগে বাবুগঞ্জেও কয়েকটি ইটভাটাকে অভিযোগে জরিমানা করা হয়েছে। তারপরও প্রত্যন্ত অঞ্চলে কিছু অসাধু ব্যবসায়ী এই কাজের সঙ্গে জড়িত আছেন। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর ওই সব ভাটা থেকে পরিবেশ অধিদপ্তর কোনো সুযোগ নিয়েছে এমন প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।