বরিশালে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে আজ শনিবার সকালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুপুরে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন মারিয়াম বেগম (৭৫), মো. আলম (৬৫) ও মো. ইউসুফ (১৮)। ঘরের বারান্দায় বৃদ্ধ মরিয়মের, জামাতা আলমের মরদেহ বাড়ির অন্য একটি কক্ষ থেকে এবং ইউসুফের হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায় বাড়ির পুকুরে।
সকাল সাড়ে আটটার দিকে বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ প্রথম আলোকে বলেন, সকালে খবর পেয়ে তাঁরা সলিয়াবাদপুর গ্রামে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেন। পুলিশের ধারণা, তাঁদের খুন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের হাফেজ আবদুর রব কুয়েতের একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত। বাড়িতে তাঁর বৃদ্ধ মা মারিয়াম বেগম ও বোনের ছেলে ইউসুফ থাকেন। দুদিন আগে আবদুর রবের ভগ্নিপতি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আকলম গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলম ওই বাড়িতে বেড়াতে আসেন। তিনজনই শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, একতলা বাড়ির সব দরজা-জানালা বন্ধ ছিল। শুধু ছাদের সিঁড়ির দরজা খোলা পাওয়া যায়। দুর্বৃত্তরা আগে থেকেই ঘরে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর তারা ছাদ দিয়ে পালিয়ে যায়।
বানারীপাড়া থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল প্রথম আলোকে বলেন, আটক জাকির এই বাড়ি নির্মাণের সময় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি প্রবাসীর পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর সখ্য রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পাশা এলাকায়। নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।