বরিশালে কথিত নেতার তোরণে জনদুর্ভোগ

উপজেলা কমিটিতে নেই। জেলা কমিটিতেও নেই। মহানগরের কেউ তো তাঁকে চেনেনই না। তবু তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে বরিশাল মহানগরের ব্যস্ততম সদর রোডে একটি তোরণ নির্মাণ করে আছেন প্রায় নয় মাস ধরে। এতে গাড়ি চলাচলে সমস্যার পাশাপাশি সেখানকার ব্যবসায়ী ও পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এই ‘নেতা’র নাম মোয়াজ্জেম হোসেন মাতুব্বর ওরফে আমিনুল। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সদর রোডে তোরণটি নির্মাণ করেন। কিন্তু পরে আর সেটি অপসারণ করেননি। উল্টো বিভিন্ন পর্ব উপলক্ষে তোরণের ব্যানার পরিবর্তন করেছেন। আওয়ামী লীগের বর্ধিত সভা, ঈদ, পূজা, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুভেচ্ছা ব্যানারে ঢেকে দেওয়া হয় তোরণটি।
সদর রোড ও হেমায়ত উদ্দিন সড়কের মুখে এই তোরণ নির্মাণ করা হয়েছে। এতে লেখা ‘ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর, কেন্দ্রীয় সহসভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ, কলামিস্ট ও সমাজসেবী।’
সরেজমিনে দেখা গেছে, তোরণের কারণে রাস্তা যেমন দুই পাশ থেকে সরু হয়েছে, তেমনি ফুটপাতও হয়েছে সংকুচিত। এতে পথচারীদের চলতে মারাত্মক সমস্যা হচ্ছে। সেই সঙ্গে আশপাশের কয়েকটি দোকানে যেতে সমস্যায় পড়ছেন ক্রেতাসাধারণও। তোরণটির কারণে এখানে প্রায়ই যানজটের সৃষ্টি হয় বলে জানান কয়েকজন ব্যবসায়ী।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, যেকোনো পর্ব উপলক্ষে কয়েক দিনের জন্য তোরণ নির্মাণ করা হয়। পর্ব শেষে আবার তা খুলেও নেওয়া হয়। এ কারণে তেমন সমস্যা হয় না। কিন্তু এই তোরণটি দীর্ঘ নয় মাসেও অপসারণ করা হয়নি। এটি সরিয়ে নিতে প্রশাসন বা আওয়ামী লীগের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আবার আওয়ামী লীগের নাম ব্যবহৃত হওয়ায় কেউ প্রতিবাদ করারও সাহস পাচ্ছেন না।

জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম বলেন, ‘মোয়াজ্জেম হোসেন বা আমিনুলকে গত ২৫ বছরে বরিশাল আওয়ামী লীগ, যুবলীগ বা কোনো ওয়ার্ডের রাজনীতিতে দেখিনি। সে কোথা থেকে এসেছে তা-ও জানি না। এসব সুবিধাবাদীর জন্য আমরা সমস্যায় পড়ি।’
তবে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস জানান, মোয়াজ্জেম হোসেন মাতুব্বরের বাড়ি বাকেরগঞ্জে। কিন্তু তিনি বরিশালের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। উপজেলা কমিটিতেও আছেন কি না, তা তাঁর জানা নেই। তোরণটি সরিয়ে নিতে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
যোগাযোগ করা হলে তোরণ নির্মাণকারী মোয়াজ্জেম হোসেন গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্থায়ীভাবে তোরণ নির্মাণ করায় কিছুটা সমস্যা হচ্ছে। মুক্তিযুদ্ধের আদর্শ জানাতেই তোরণটি নির্মাণ করা হয়েছে। আমি এটা জনস্বার্থে করেছি। দেশের বৃহত্তর স্বার্থে জনগণ এটা বিবেচনায় নেবে।’
উপজেলা, জেলা বা মহানগর কমিটিতে না থেকেও কেন মহানগরে সড়ক দখল করে তোরণ নির্মাণ করেছেন প্রশ্নে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাকে জেলা কমিটিতে নেওয়ার প্রস্তুতি চলছে। উপজেলা কমিটিতে কাজ করার ইচ্ছা নেই, তাই সেখানে নামও নেই।’ তাঁর বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।