বরিশালে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জাফর মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত জাফর মিয়া নগরের ২ নম্বর ওয়ার্ডের সিলেট ফ্যাক্টরিসংলগ্ন এলাকার মৃত আউয়াল মিয়ার ছেলে।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরের কাউনিয়া থানার নগরেরপুল নামক স্থানে জাফরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি কাজী মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে কোনো লেনদেন নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়নি। মামলার পর তদন্ত শুরু হবে।