বরিশালে গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে এক গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। পুলিশ চারজনকে আটক করেছে।
গতকাল বুধবার সকাল আটটার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাঁঠালিয়া গ্রামের আলম খান ও জাকির হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু উভয় পক্ষকে নিবৃত্ত করতে না পেরে পুলিশ ১৫টি রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে দুই পক্ষের ১২ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মিজানুর রহমান, মো. ইব্রাহীম, খোকন হাওলাদার, হারুন অর রশিদ, সবুজ মিয়া, মুশফিকুর রহমান, কুদ্দুস খান, আলম খান, মো. সবুজ, হারুন হাওলাদার, এনামুল হক ও খলিলুর রহমান।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষ বাধে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫টি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর রহমানকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।