বরিশালে গৃহবধূ খুন, স্বামী ও শাশুড়ি আটক
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় সাথী বেগম (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তাঁকে হত্যার অভিযোগে তাঁর স্বামী সুমন মুন্সী এবং শাশুড়ি ফরিদা বেগমকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার চর গোপালপুর এলাকার বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দুই বছর আগে উপজেলার জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা তৈয়ব আলীর মেয়ে সাথী বেগমের সঙ্গে চর গোপালপুর এলাকার আবুল হোসেন মুন্সীর ছেলে সুমন মুন্সীর বিয়ে হয়। তাঁদের আট মাসের একটি মেয়েসন্তান রয়েছে। বিয়ের পর থেকে সুমন বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতেন। এর জের ধরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান জানান, মূলত যৌতুকের টাকা না পেয়ে শনিবার গভীর রাতে শ্বাসরোধ করে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। আটক সুমন মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের হলে সেই মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।