বরিশালে গৃহবধূকে হত্যার অভিযোগ
বরিশাল নগরে গত শুক্রবার রাতে ইসরাত জাহান (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ রাত ১০টায় লাশ উদ্ধার করে।
নগরের কালীবাড়ি সড়কের সরকারি বরিশাল কলেজ-সংলগ্ন একটি ভবনে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার স্বামী-স্ত্রী সারা দিন বাসায় ছিলেন। বিকেল চারটার দিকে ইসরাতের স্বামী তাহের হোসেন বাইরে চলে যান। রাতে ওই বাসায় আসেন ইসরাতের মা ফরিদা বেগম। তিনি ঘরের ভেতরে ঢুকে মেঝেতে মেয়ের লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেন।
ফরিদা বেগম জানান, শুক্রবার রাত নয়টার দিকে মেয়ের ভাড়াবাড়িতে গিয়ে দেখতে পান, বাড়ির দরজা খোলা এবং মেঝেতে ইসরাতের লাশ পড়ে আছে। তিন মাস আগে তাহেরের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। তাহের ওয়ালটন বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক। ইসরাত ওই কেন্দ্রের কর্মী। তাহের হোসেন এর আগেও দুটি বিয়ে করেছিলেন। ঘটনার পর থেকেই তাহের নিখোঁজ রয়েছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, নিহতের গলায় দাগ রয়েছে।