বরিশালে চিকিৎসার নামে প্রতারণা, একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে চিকিৎসাসেবার নামে চলছে প্রতারণা। এই প্রতারক চক্রের এক সদস্যকে গত শনিবার আটক করেছে পুলিশ। তিনি রোগীদের কৌশলে ভুয়া চিকিৎসকের কাছে নিয়ে যেতেন।
শনিবার দুপুরে নগরের রূপাতলী বাসস্ট্যান্ডে নামেন পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে আসা দরিদ্র দম্পতি শারমিন আক্তার (২১) ও আল আমিন (২৫)। তাঁরা ইজিবাইকচালক লিটন সিকদারকে নাক কান গলা বিশেষজ্ঞ হারুন অর রশীদের চেম্বারে নিয়ে যেতে বলেন। কিন্তু লিটন তাঁদের ভুল বুঝিয়ে আরেক ‘বিশেষজ্ঞ চিকিৎসকের’ কাছে নিয়ে যান। সেখানে কথিত ওই চিকিৎসক তাঁদের কাছ থেকে ফি হিসেবে ৫০০ টাকা ও ইনজেকশন দেওয়া বাবদ ৩ হাজার টাকা রাখেন। কিন্তু ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর শারমিন অসুস্থ হয়ে পড়েন। তখন আর লিটনকে খুঁজে পাওয়া যায়নি।
শারমিন বলেন, কয়েক মাস আগে চিকিৎসক হারুন অর রশীদ তাঁর গলায় একটি অস্ত্রোপচার করেন। শনিবার দ্বিতীয় দফায় পরামর্শ নেওয়ার জন্য তাঁর কাছে এসেছিলেন। কিন্তু দালালদের খপ্পরে পড়ে সব খোয়ান। ভুয়া চিকিৎসকের বাড়িতে তাঁকে কী ইনজেকশন দেওয়া হয়েছে, তাও তিনি বলতে পারছেন না।
শারমিনের স্বামী আল আমিন বলেন, প্রতারণার শিকার হওয়ার পর তাঁরা বাসস্ট্যান্ডে ফিরে যান। সেখানে গিয়ে আবার লিটনকে দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি বাসস্ট্যান্ডে উপস্থিত পুলিশকে জানালে তারা গিয়ে লিটনকে আটক করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, বড় একটি চক্র গ্রামগঞ্জ থেকে আসা রোগীদের ভুল বুঝিয়ে তাদের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রতারিতদের কথা অনুযায়ী, ভুয়া চিকিৎসকের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে চিকিৎসককে না পেয়ে তাঁর বাবার কাছ থেকে টাকা আদায় করে প্রতারিত দম্পতিকে তা ফেরত দেওয়া হয়েছে।