বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দলীয় প্রতিপক্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গত রোববার রাত পৌনে ১২টার দিকে নগরের কাউনিয়া প্রথম গলির অসীম দেওয়ানের বাসায় হামলার ওই ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত রাতেই এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ।
এ ব্যাপারে অসীম দেওয়ান প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। সংবাদ পেয়ে পুলিশ এবং র্যা বের দুটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। অসীম দেওয়ান অভিযোগ করেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর নির্দেশে দলে যাঁদের পদ-পদবি নেই এবং মাদক ব্যবসায়ী, তাঁরা ওই হামলা চালিয়েছেন। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
জানতে চাইলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি মহানগরের রাজনীতি করি। কিন্তু কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দিই না। কয়েক দিন পর মহানগরের কমিটি ঘোষণা করা হবে। আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্যই নাম জড়ানো হচ্ছে।’
মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিপক্ষের চাপের মুখে মহানগর ছাত্রলীগের সম্পাদক অসীম দেওয়ান কয়েক মাস ধরে বরিশালের বাইরে অবস্থান করছিলেন। বাবা অসুস্থ হওয়ায় গত শনিবার তিনি বরিশাল আসেন। তার পরদিনই তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটল।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক সদস্য বলেন, বরিশালে ছাত্রলীগ দুটি অংশে বিভক্ত। মহানগর ছাত্রলীগ সাংসদ জেবুন্নেছা আফরোজের অনুসারী এবং জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় যুবলীগ সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। সাদিক আবদুল্লাহর অনুসারী হয়ে অসীম দেওয়ানকে কাজ করার জন্য বলা হলেও তিনি তা শোনেননি। সে জন্যই অনেকটা কোণঠাসা অবস্থার মধ্যে পড়েন অসীম দেওয়ান।
মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন বলেন, অসীম দেওয়ান মহানগর ছাত্রলীগের সঙ্গে কাজ করুক, এটা চায় না প্রভাবশালী একটি মহল। যারা ১৯৯৬ সালে বরিশালে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের অনুসারী এবং সরাসরি নির্দেশেই ওই হামলার ঘটনা ঘটানো হয়েছে।