বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৭
বরিশাল নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হন। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি জসীমউদ্দিনের অনুসারী ইমন, সোহাগ, জসিম, সাইদুল, জুয়েল, সামসুদ্দিন ফয়সাল, মারজান, তৌহিদ, সবুজ ও জাহিদ হোসেন ছাত্রাবাসের ২০১ নম্বর কক্ষে জোর করে ঢুকে পড়েন।
এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের অনুসারী রেজাউল করিম, জহিরুল ইসলাম, মমিন, মুন্না বাধা দিলে তাঁদের মারধর করেন জসিমের অনুসারীরা।
খবর পেয়ে জেলা ছাত্রলীগের সম্পাদকের ২৫-৩০ জন অনুসারী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে দুই পক্ষের সংঘর্ষ। এ সময় ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষে জহিরুল ইসলামসহ গুরুতর আহত তিনজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে আবারও হামলার শিকার হন জহিরের সঙ্গে আসা অভিক ও মহসিন নামের অপর দুজন। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘আমি পলিটেকনিকের রাজনীতি করি না। করার সুযোগও নাই। মূলত রেজাউল করিম ও মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এখানে আমাকে অহেতুক জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে রেজাউল এক সময় আমার সঙ্গে ছিল।’
মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রাবাসের ছাত্র ও মেসের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে তাঁরা ছাত্রলীগের কি না তা তিনি জানেন না। দোষীদের চিহ্নিত করার জন্য তদন্ত কমিটি গঠনেকলেজে জরুরি সভা আহ্বান করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, আগের রাতের ঘটনার জেরে গতকাল মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।