বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে ছাত্রলীগের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যার পর বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের সাংসদ জেবুন্নেছা আফরোজের বাসায় এ ঘটনা ঘটে। দুই নেতার সমর্থকেরা পরে বাড়ির বাইরে এসে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের ২৯ নম্বর ওয়ার্ডে কাশীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের একটি সভায় যোগ দেন সাংসদ জেবুন্নেছা আফরোজ। ওই অনুষ্ঠানে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনের সমর্থকেরা ও ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারের সমর্থক মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের নেতা প্রিন্সকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ চলছিল। সন্ধ্যা সাড়ে সাতটায় উভয় পক্ষ নগরের আলেকান্দা নুরিয়া স্কুল সড়কে সাংসদ জেবুন্নেছা আফরোজের বাসায় উপস্থিত হয়। লাঞ্ছিত করার ঘটনা নিয়ে জসিমউদ্দিন ও মঈন তুষারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাঁদের সমর্থকেরা বাড়ির বাইরে এসে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরকে ধাওয়া-পাল্টাধাওয়া দেন। জেবুন্নেছা বাইরে এসে দুই পক্ষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।
এ ব্যাপারে মঈন তুষার প্রথম আলোকে বলেন, ‘মহানগর ছাত্রলীগের জসিমউদ্দিন মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের মারধর করেন। এ ঘটনায় ছাত্রলীগের কর্মীরা সন্ধ্যায় তাঁকে মারধর করেন। আমি তাঁদের ছাড়িয়ে দেই।’
জসিমউদ্দিনের মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। জসিমের সমর্থক মিশু ও রেজভী প্রথম আলোকে বলেন, জসিমের সঙ্গে তুষারের কথা-কাটাকাটি হয়েছে।