বরিশালে ছাত্রলীগের নেতা ২৬ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি জমাদ্দার
জনি জমাদ্দার

বরিশাল জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জনি জমাদ্দার (৩৫) ২৬ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ছাত্রলীগের ওই নেতার স্ত্রী গত রোববার বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক এবং তারা গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছে।
পরিবার সূত্রে জানা যায়, জনি নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ কলোনির সাহেব আলী হাওলাদারের ছেলে। ওই কলোনির অদূরে কোস্টাল বরফকল কলোনিতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন জনি। বালুর মাঠ এলাকায় তাঁর একটি খাবারের (ফাস্টফুড) দোকান আছে।
জনির স্ত্রী লাবণী বেগম জানান, গত ৯ এপ্রিল বেলা ১১টার দিকে জনি তাঁর মা-বাবার সঙ্গে দেখা করার জন্য নিজের বাসা থেকে বের হয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। এ পরিস্থিতিতে থানায় জিডি করা হয়।
লাবণী বেগম আরও বলেন, ‘জনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত। এ জন্য কারও সঙ্গে তাঁর বিরোধ থাকলেও থাকতে পারে। কিন্তু আমরা এত বছরে এ রকম কারও সঙ্গে বিরোধ থাকার কথা তাঁর (জনি) কাছ থেকে কখনো শুনিনি।’ তিনি জানান, কয়েক দিন ধরে একটি অচেনা মুঠোফোন নম্বর দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে বলছে, জনি তাদের জিম্মায় আছে। ২ লাখ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘জনি জমাদ্দার নিখোঁজ হওয়ার খবর আমরা অনেক পরে জানতে পেরেছি। খবর পেয়ে গত শনিবারি আমরা জনির বাসায় গিয়েছিলাম। নিখোঁজের কারণ সম্পর্কে জনির স্ত্রী নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি।’
জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আওলাদ হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘জিডির অভিযোগের তথ্য ধরেই আমরা জনি জমাদ্দারের সন্ধান করছি। তবে পুরো বিষয়টি নিয়ে আমরা রহস্যের মধ্যে আছি। কারণ, তিনি একজন সচেতন ব্যক্তি। তাঁকে কেউ অপহরণ করে নিয়ে যাবে, এটা অবিশ্বাস্য লাগছে। আবার তিনি নিখোঁজ হলেন ৯ এপ্রিল, পুলিশকে জানানো হলো ৩০ এপ্রিল। সব মিলিয়ে বিষয়টি নিয়ে আমরা দ্বন্দ্বের মধ্যে আছি। আবার এ-ও শোনা যাচ্ছে, পারিবারিক বিরোধের কারণে এর আগেও তিনি নাকি একবার এভাবে কাউকে কিছু না বলে নিরুদ্দেশ ছিলেন। আবার ফিরেও এসেছেন। যদিও তাঁর স্ত্রী এসব বিষয় স্বীকার করেননি।’
অজ্ঞাত মুঠোফোন থেকে ফোনকল আসা ও ২ লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়ে ওসি বলেন, ‘আমরা প্রযুক্তির মাধ্যমে ওই ফোন নম্বরটি শনাক্ত করার চেষ্টা করছি।’