বরিশালে ছাত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা
বরিশাল থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে মাদারীপুরে আটকে রেখে নির্যাতনের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় গত শনিবার রাতে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে এ মামলা করেন। আসামিরা হলেন পিকআপ ভ্যানের চালক মো. মহসিন ও এক গৃহবধূ মালিহা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল রোববার সকালে ওই ছাত্রীকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ফরেনসিক বিভাগের চিকিৎসক না থাকায় শেষ পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়নি। দুপুরে আদালতে নেওয়া হলেও জবানবন্দি রেকর্ড করা হয়নি। আজ সোমবার পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ডের জন্য আবার আদালতে নেওয়া হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কি না। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।