বরিশালে ছুরিকাঘাতে ছাত্র ও পিরোজপুরে বৃদ্ধা খুন
বরিশালে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গতকাল শনিবার এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক বৃদ্ধাকে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের উজ্জ্বল কুমার খরাতী (১৮)। তিনি কবাই ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অন্যজন হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি গ্রামের মঞ্জু আরা বেগম (৫৫)।
উজ্জ্বলকে হত্যার ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত ব্যক্তির বাবা উত্তম কুমার খরাতী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপাশা মাধ্যমিক স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের সাইফুল সরদারের সঙ্গে কথা উজ্জ্বলের কথা-কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যায় উজ্জ্বল লক্ষ্মীপাশা বাজারে ওষুধ আনতে গেলে তাঁকে পেছন থেকে সাইফুল ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় উজ্জ্বলকে প্রথমে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে সাইফুল পলাতক।
বাকেরগঞ্জ উপজেলার ৭ নম্বর কবাই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, খেলা নিয়ে ঘটনার জের ধরে উজ্জ্বলকে ছুরিকাঘাত করে সাইফুল।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, উজ্জ্বলের বাবা উত্তম কুমার খরাতী বাদী হয়ে সাইফুল ইসলামসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি গ্রামে নিহত মঞ্জু আরা বেগমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের আবু জাফর মিয়ার দুই স্ত্রী একই সঙ্গে বসবাস করতেন। গত শুক্রবার প্রথম স্ত্রী আম্বিয়া খাতুন (৬৫) ফজরের নামাজ পড়ার জন্য মঞ্জু আরা বেগমকে ডেকে কোনো সাড়া পাননি। এরপর তিনি ঘরের পেছনের দরজা খোলা দেখতে পান। পরে আম্বিয়া খাতুন প্রতিবেশীদের ডেকে আনেন। তাঁরা ঘরের ভেতরে মঞ্জুর আরা বেগমের লাশ এবং আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ওই দিন রাতে নিহত ব্যক্তির ছেলে মো. মাহফুজ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। মাহফুজ বলেন, ‘তাঁর মাকে শ্বাসরোধে হত্যা করে চোরেরা ৯০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।’