বরিশালে ছয়জনকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কবি, গণজাগরণ মঞ্চের কর্মী, ছাত্র ইউনিয়নের নেতাসহ ছয়জনকে হত্যার হুমকির প্রতিবাদ করেছে বিভিন্ন সংগঠন। মুক্তচিন্তার মানুষদের হত্যা, হত্যার হুমকির নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, বাসদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্র ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
গত সোমবার রাতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে আনসার বিডির পেজে ওই হুমকি দেওয়া হয়।
ছাত্র, কবি হত্যার হুমকি, শিশুহত্যা ও নির্যাতন, অব্যাহত বুদ্ধিজীবী হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, একের পর এক মুক্তচিন্তার মানুষ হত্যা করা হলেও হত্যাকরীদের চিহ্নিত করতে পারছে না সরকার। দেশ এখন জঙ্গিবাদের আস্তানা হয়ে গেছে। মানুষ তাঁর স্বাধীন মত প্রকাশ করতে পারছে না। ঢাকাসহ সারা দেশে মুক্তমনা ব্লগারদের হত্যা করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। হত্যা-নির্যাতন এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার কঠোর মনোভাবের কথা বললেও বাস্তবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। হত্যাকারীদের বিচারের আওতায় আনতে না পারা এবং শাস্তি না হওয়ায় হত্যার ঘটনা বেড়েই চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুহত্যা ও নির্যাতনের ঘটনা। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মের নামে হত্যার রাজনীতি বন্ধ করতে হবে।