বরিশালে জাটকা ও কারেন্ট জাল উদ্ধার
বরিশালে ঢাকাগামী কয়েকটি লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ছাড়া বরিশালের আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এ দুটি ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
বরিশাল অঞ্চলের কোস্টগার্ড দপ্তর থেকে জানা যায়, পটুয়াখালী, ভোলা, বরগুনা অঞ্চলের বিভিন্ন লঞ্চে করে জাটকা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ড। ওই অঞ্চল দিয়ে ঢাকার উদ্দেশে যাওয়া গাজী-৪, ঈগল-৪, সুন্দরবন-৯, জাহিদ-১সহ কয়েকটি লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় ৫০ মণ জাটকা উদ্ধার করা হয়।
এরপর কোস্টগার্ড বরিশালের আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন নৌকা থেকে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। রাত ১১টা পর্যন্ত এ অভিযান চলে।
কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম আমিনুল হক বলেন, জাটকা নিধন বন্ধে অভিযান চলবে।