বরিশালে জাতীয় পার্টির প্রচারণায় আওয়ামী লীগের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জাতীয় পার্টি-সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচারণা বহরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় জাতীয় পার্টি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পেয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ কবাই ইউনিয়নের শিয়ালঘুনি এলাকায় নির্বাচন নিয়ে একটি উঠান বৈঠক ছিল। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য জাতীয় পার্টি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেলে শিয়ালঘুনি এলাকায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে পেয়ারপুর এলাকার সড়কে পৌঁছালে কয়েকজন যুবক তাঁদের গতিরোধ করেন। একপর্যায়ে ওই যুবকেরা জাতীয় পার্টির কর্মী ও সমর্থকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলায় জাতীয় পার্টি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে সবুজসহ ১০ জন আহত হন। তাঁরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
রফিকুল সাংবাদিকদের কাছে অভিযোগ বলেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল হকের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীরা তাঁদের গাড়িবহরে থাকা ১০টি মোটরসাইকেল ও আশপাশে থাকা ৩০টি গাড়ি ভাঙচুর করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক তালুকদার প্রথম আলোকে বলেন, ‘রফিকুল ৪০-৬০টি মোটরসাইকেল নিয়ে মহড়া নিয়ে পেয়ারপুর অতিক্রম করছিলেন। আমি তখন পেয়ারপুরে সাত-আটজন কর্মী নিয়ে জনসংযোগ করছিলাম। তখন গাড়িবহরে থাকা কয়েকজন আমার এক সমর্থককে মারধর করেন। এর প্রতিবাদে স্থানীয় জনগণ তাঁদের প্রতিরোধ করেছেন। এতে দুপক্ষে সংঘর্ষ হয়েছে।’
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি। তবে কোনো পক্ষ থেকে এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’