বরিশালে জামায়াতের ৫৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশাল মহানগর জামায়াতের ৫৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. বারেক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ আগস্ট নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর নিচে নাশকতা পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছিলেন জামায়াতের নেতারা। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. বারেক হাওলাদারকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় ওই রাতেই মামলা করা হয়। এতে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন, মহানগর জামায়াতের আমির মুয়াযযম হোসেন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান, সেক্রেটারি জহিরউদ্দিন বাবর, সহকারী সেক্রেটারি মো. মতিউর রহমান, সদস্য মো. শামীম কবির, মো. শাহ আলম, রাসেল লস্কর, মো. শফিউল্লাহ তালুকদার, আবদুস ছাত্তার, ইসমাইল হোসেন নেছারী, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন হাওলাদর, আবুল কাশেম, জয়নাল আবেদীন, আবদুর রউফ, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম, মো. শাহজাহান সিরাজ, মিজানুর রহমান, মো. কাঞ্চন ও ফিরোজ আহম্মেদ।