বরিশালে ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার নগরের বান্দ রোডে সাউথ কিং চায়নিজ রেস্তোরাঁর সামনে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ, অফিস সহকারী মাইনুল ইসলাম ও ইউনিয়নের সদস্য ট্রাকচালক মো. মন্টু। তাঁদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন বলেন, ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বান্দ রোড কার্যালয়ে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। একই সময় পাশের কেডিসি এলাকায় সম্প্রতি গঠিত জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লার নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে বান্দ রোডে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা চালানো হয়। এতে তিনজন আহত হন। হামলার কারণে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নে অন্তঃকোন্দল রয়েছে। এর জের ধরে তাঁদের নিজেদের মধ্যে হামলা-সংঘর্ষ হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।