বরিশালে ঠিকাদারকে কুপিয়ে জখম
বরিশালে মো. কাজল শরীফ নামে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাত সোয়া ১০টার দিকে শহরের চৌমাথা নবগ্রাম রোড এলাকার কেরানি বাড়ির পুলে এ হামলার ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।
বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজভী চৌধুরীর ছেলে প্রান্ত চৌধুরীর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর অবস্থায় কাজলকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজল (৪০) নগরের ২৭ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকার সাবেক পুলিশ সদস্য শাহ্ মো. মোসলেম শরীফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রান্ত চৌধুরীর নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কাজলের ওপর হামলা চালায়। হামলাকারীরা কাজলের পিঠ, বুক ও হাঁটুতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, কাউন্সিলর রেজভী চৌধুরীর সঙ্গে চলাফেরা করতেন ঠিকাদার কাজল। কিন্তু বেশ কিছুদিন ধরে তাঁদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাউন্সিলরকে এড়িয়ে চলতেন কাজল। এ কারণে তাঁর ওপর এ হামলা চালানো হয় বলে তাঁরা ধারণা করছেন।
এ বিষয়ে কথা বলতে কাউন্সিলর রেজভী চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।