বরিশালে ডাকাত সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
বরিশালের হিজলা উপজেলার একটি গ্রামে ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে ধরে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। গতকাল সোমবার রাতে বাউশিয়া নদী তীরবর্তী বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর এলোপাতাড়ি মারপিটে ঘটনাস্থলেই মারা যাওয়া এ তিনজন হলেন মিরাজ মোল্লা (২২), হারুন ব্যাপারী (২৩) ও হানিফ সরদার (২৫)। ঘটনাস্থল থেকে পাঁচটি রামদা উদ্ধার করেছে পুলিশ। মিরাজ ও হারুন ওই উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গ্রামের বাসিন্দা এবং হানিফ বাউসিয়া গ্রামের বাসিন্দা।
হিজলা থানা-পুলিশ ও উত্তর বাহেরচর এলাকার বাসিন্দাদের ভাষ্যমতে, ওই দিন রাত দুইটার দিকে ১০-১৫ জনের একটি ডাকাত দল ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাহেরচর গ্রামে আসে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় ডাকাতেরা নৌকায় উঠে দ্রুত পালিয়ে যাওয়ার সময় তিনজন ধরা পড়েন। তখন গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য লাশগুলো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে পুলিশ একটি মামলা করেছে।
এ বিষয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁদের পক্ষে কারও বক্তব্য জানা যায়নি।
তবে বড়জালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তিরা এলাকায় চুরি-ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। রাতে ডাকাতি করতে গিয়ে তারা গণধোলাইয়ের শিকার হয়ে মারা গেছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, ‘নিহত তিনজন পারিবারিকভাবেই ডাকাতিতে যুক্ত। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। এদের মধ্যে হারুন ব্যাপারীর নামে হিজলা থানায় আটটি এবং হানিফ সরদার ও মিরাজ মোল্লার বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে। মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এরা। গণপিটুনিতে এরা নিহত হওয়ার পর ঘটনাস্থল থেকে পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে।