বরিশালে ডালপালা ছাঁটার নামে গাছ লুট
বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গৌরনদীর ভুরঘাটা থেকে বরিশাল অংশের প্রায় ২২ কিলোমিটার সড়কের গাছ কেটে নিচ্ছেন ছাত্রলীগের দুই নেতা। সওজ কর্তৃপক্ষের যোগসাজশে দরপত্র ছাড়াই গাছগুলো কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, মেহগনি, চাম্বল, রেইনট্রি, কড়ই, শিশুসহ বিভিন্ন প্রজাতির গাছের ডাল এবং অনেক গাছের মূল অংশ কেটে নিচ্ছেন কয়েকজন। ট্রাকে করে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। কেটে নেওয়া গাছের মূল্য ৩০-৩৫ লাখ টাকা বলে জানা যায়।
মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার এলাকায় দেখা যায়, সওজ বিভাগের দুজন কার্য সহকারীর উপস্থিতিতে মহাসড়কের পাশের বিশাল আকৃতির রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছের ডালপালার মূল অংশ কাটা হচ্ছে। এ কাজে নিয়োজিত রয়েছেন ১০-১২ জন শ্রমিক। তাঁরা গাছ কেটে বিভিন্ন আকৃতির করে ছোট ট্রাকে বোঝাই করছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কার্য সহকারী বলেন, ‘আমরা স্যারের নির্দেশ পালন করছি। এর বেশি কিছু বলতে পারব না।’
এ সময় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ট্রাকচালক জানান, ২৪ দিন ধরে তাঁরা দুটি ছোট ট্রাকে করে বরিশাল আমতলায় সওজ কার্যালয়ে কাটা গাছগুলো পৌঁছে দিচ্ছেন। এ জন্য তাঁদের দৈনিক সাত হাজার টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভাড়ার টাকা সওজের কর্মকর্তারা পরিশোধ করছেন।
বরিশাল সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. তুহিনসহ সংগঠনটির নগরের কয়েকজন নেতা-কর্মী অর্ধেক ভাগে গাছের ডালপালা কাটার দায়িত্ব নিয়েছেন। গাছ ও ডালপালা কাটার পর ছাত্রলীগের নেতারা অর্ধেক নিয়ে যাচ্ছেন, বাকি অর্ধেক সওজের বরিশালের আমতলা কার্যালয়ে জমা হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘আমি এ কাজের সঙ্গে যুক্ত নই। শুনেছি, তুহিন সওজ বিভাগের কর্মকর্তাদের অনুমতি নিয়ে মহাসড়কের ওপর ঝুলে থাকা গাছের ডাল কেটে পরিষ্কার করছেন।’
বরিশাল মহানগর ছাত্রলীগের ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. তুহিন বলেন, ‘আমরা শুধু ঝুঁকিপূর্ণ ডাল কেটে পরিষ্কার করছি।’ তিনি গাছ লুটপাটের অভিযোগ অস্বীকার করেন। তবে গাছ কাটার জন্য অর্ধেক ডালপালা নেওয়ার কথা স্বীকার করেন।
বরিশাল সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, মহাসড়কের ওপর ঝুলে থাকা গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা ঝড় হলে রাস্তার ওপর পড়ে। এতে জানমালের ক্ষতিসাধন হওয়ার আশঙ্কা থাকায় ছাঁটাই করা হচ্ছে। তিনি সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে গাছ লুটের অভিযোগ অস্বীকার করেন।
বরিশাল জেলা বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, ‘সরকারি কোনো গাছ কাটতে হলে কমিটির সভায় সিদ্ধান্ত নিতে হয়। গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না।’
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাসও বিষয়টি সম্পর্কে জানেন না বলে জানান।