বরিশালে ডিবি পরিচয়ে গণপূর্ত বিভাগের কর্মচারীকে মারধর
অভিযোগ উঠেছে, গণপূর্ত বিভাগের চারজন কর্মকর্তা-কর্মচারী সন্ত্রাসী বাহিনী দিয়ে এ কাজ করিয়েছেন। গত সোমবারের এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র
বরিশালে ডিবি পুলিশ পরিচয়ে গণপূর্ত বিভাগের কর্মচারী মো. ছিদ্দিকুর রহমানকে মারধর করা হয়েছে। অভিযোগ উঠেছে, গণপূর্ত বিভাগের চারজন কর্মকর্তা-কর্মচারী সন্ত্রাসী বাহিনী দিয়ে এ কাজ করিয়েছেন। গত সোমবারের এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
গণপূর্ত বিভাগের নিয়মিত চৌকিদার ও ট্রেড ইউনিয়নের সদস্য ছিদ্দিকুর রহমান। তাঁর অভিযোগ, সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে চারজনের একটি দল তাঁর বাসায় আসে। তারা ডিবি পরিচয় দিয়ে তাঁকে আটক করে নিতে চায়। এ সময় তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা খেপে যায় এবং তাঁকে মারধর করে। পরে এলাকাবাসী জড়ো হয়ে তাদের একজনকে ধরে ফেলে। তার নাম মো. শহীদ। পরে শহীদ সবার সামনে স্বীকার করে, তারা ডিবির লোক নয়। গণপূর্ত বিভাগের হিসাবরক্ষক আবুল হাসান ও আবুল বাসার এবং কার্যসহকারী শাহ আলম ও জ্যেষ্ঠ অফিস সহকারী আবুল কালাম আজাদ তাঁদের পাঠিয়েছেন। এরপর শহীদকে মারধর করে ছেড়ে দেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে হিসাবরক্ষক আবুল হাসান বলেন, ‘ছিদ্দিকুর রহমানের বাসায় ডিবি পরিচয় দিয়ে হামলার ঘটনা আমরা জানি না। এর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে অশ্বিনীকুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সেখানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলার সভাপতি মোসলেম সিকদারের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, ইমারত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহসভাপতি শামসুল হক, নারী ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোৎস্না বেগম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শারমিন জাহান প্রমুখ বক্তব্য দেন।