ইয়াবা, ফেনসিডিলসহ দুজনকে আটক করার পর ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের ডিবি পুলিশের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুস ছালাম ও কনস্টেবল মো. ছালামকে সাময়িক বরখাস্ত করে মেট্রোপলিটন পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) হাবিবুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২৯ আগস্ট নগরের নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা বড়ি ও ৬০ বোতল ফেনসিডিল জব্দসহ বিক্রেতা মো. মজিবর
রহমান ওরফে নজরুল এবং তাঁর স্ত্রী নুসরাত বেগমকে আটক করেন অভিযুক্ত দুই পুলিশ সদস্য। এ সময় ৩৫ হাজার টাকা ঘুষ নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।