বরিশালে প্রায় ১৫ কোটি টাকার কাজের দরপত্র জমা নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরের এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। র্যাবের একজনকে আটক করেছে।
এলজিইডি কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন উজিরপুর উপজেলার তিনটি সড়ক, বানারীপাড়ার তিনটি ও বাবুগঞ্জের দুটি সড়কের কাজের দরপত্র আহ্বান করা হয়। এসব কাজের দরপত্র জমার শেষ দিন ছিল গতকাল। দরপত্র জমা নিয়ে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বেলা সোয়া একটার দিকে একপক্ষ অন্যপক্ষের দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলে। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
দরপত্র ও পে-অর্ডার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করে মহানগর যুবলীগের সদস্য জিয়াউল হক জানান, ১৫ কোটি টাকার আট গ্রুপের কাজটি ভাগবাটোয়ারা করে নেওয়ার জন্য সকাল থেকে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ শতাধিক নেতা-কর্মী এলজিইডি ভবন এলাকায় পাহারা বসান। দুপুরে তিনি ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন সিকদার দরপত্র জমা দিতে গেলে তাঁদের পে-অর্ডার ও দরপত্র ছিনিয়ে নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহীন সিকদার বলেন, ছাত্রলীগের বাধার কারণে সাতটি দরপত্র ফেলা সম্ভব হয়নি। তাঁরা জিয়াউল হককে মারধরও করেছে।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান দাবি করেন, কাজটি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ যোগাযোগের ভিত্তিতে (গুছ) করবে বলে সিদ্ধান্ত হয়। বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, সদরের সাংসদ জেবুন্নেছা আফরোজসহ সবাই জানেন। তার পরও জিয়াউল হক ও শাহীন সিকদার দরপত্র ফেলতে আসেন। এ সময় তাঁদের দরপত্র না ফেলার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা তা শোনেননি। এ নিয়ে কথা কাটাকাটি হয়। তবে কোনো ধরনের মারামারির ঘটনা ঘটেনি।
পূর্বনির্ধারিত সমঝোতার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, ‘এ রকম কোনো সিদ্ধান্ত আমার জানা নাই।’
এ ঘটনার পর বেলা সোয়া দুইটার দিকে নগরের বটতলা এলাকা থেকে ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে আটক করে র্যাব।