বরিশালে দুই জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের নতুন বাজার ফাঁড়ির পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরিশাল সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান (৩৬) ও সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সহসভাপতি জহিরুল হাওলাদার (৩৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা বন্ধের দাবিতে নতুন বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াতে ইসলামী। মিছিল শেষে ফেরার পথে নতুন বাজার ফাঁড়ির পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
এর আগে রোববার রাতে নগরের চৌমাথা এলাকা থেকে মো. শাহজালাল (২৬) ও মো. ফরিদউদ্দিন (২২) নামের ইসলামী ছাত্রশিবিরের দুই সদস্যকে আটক করে পুলিশ। তাঁদের গত বছরের ২৮ মার্চ বিমানবন্দর থানায় গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, তাঁদের পুলিশের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।