বরিশালে দেশি অস্ত্রসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগর থেকে ধারালো অস্ত্রসহ সোহাগ খান (২৩) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে। আটক সোহাগ খান বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা এলাকার মৃত নাছির খানের ছেলে।
নগরের ইয়াছিন মল্লিক সড়ক থেকে গত বুধবার গভীর রাতে ইজিবাইকে অস্ত্রসহ তাঁকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, নগরের দক্ষিণ আলেকান্দা এলাকায় একটি ইজিবাইকে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের অভিযান বুঝতে পেরে ইজিবাইকে থাকা চার যুবক পালিয়ে যায়।
এ সময় সঙ্গে জড়িত সন্দেহে চালক সোহাগ খানকে ইজিবাইক ও দেশি অস্ত্রসহ (বগি দা) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চার যুবকের পরিচয় শনাক্ত করে পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।
পলাতক চার যুবক হলো নগরের দক্ষিণ আলেকান্দা এলাকার নাসির হাওলাদারের ছেলে মো. ইমন হাওলাদার, একই এলাকার শেখ বাসারের ছেলে মো. বাবু শেখ, মো. মোকলেছ আকনের ছেলে মো. সোহেল রানা ও মো. ফিরোজ আলম রনি।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিলন বিশ্বাস জানান, অস্ত্র আইনে দায়ের হওয়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইজিবাইক চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।