বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে অপু হালদার (২০) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রীটির মা বাদী হয়ে ওই তরুণ ও তাঁর বোনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করেন।
এদিকে উজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোস্তফা সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপু হালদার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। এজাহার সূত্রে জানা গেছে, অপু হালদারের ছোট বোনের সঙ্গে ওই ছাত্রীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সুবাদে তাঁরা পরস্পরের বাড়িতে যেতেন। গত ১৪ মে ছাত্রীটি অপুর বাড়ি বেড়াতে যান। বোনের সহায়তায় অপু ছাত্রীটিকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ভিডিও করে রাখেন। ধর্ষণের কথা প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ধর্ষণচেষ্টা ব্যর্থ হওয়ায় অপু ১৪ জুলাই ওই ভিডিও এলাকায় ছড়িয়ে দেন।
ধর্ষণের শিকার ওই ছাত্রী বলেন, ‘সে (অপু) গোপনে ওই দৃশ্য ভিডিও করে রেখেছিল। বিষয়টি আমার জানা ছিল না। ওই ভিডিওচিত্র দেখিয়ে আমাকে জিম্মি করে পুনরায় সে ধর্ষণের চেষ্টা করে। আইনের আশ্রয় যেন না নিই, সে জন্য ভয়ভীতিও দেখিয়েছে।’
এ সম্পর্কে জানতে গতকাল বৃহস্পতিবার অপু হালদারের মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন। পরে ফোন দিলেও আর ধরেননি।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান বলেন, বিষয়টি জানার পর ওই কলেজছাত্রীকে সব ধরনের নিরাপত্তা ও সহায়তা দেওয়া হচ্ছে। তাঁর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অপু ও তাঁর বোনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
উজিরপুরে গ্রেপ্তার মোস্তফা সরদারের বাড়ি শোলক ইউনিয়নের শোলক গ্রামে। এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পথে মোস্তফা সরদার ওই ছাত্রীর পথ রোধ করেন। তাকে জোর করে পানের বরজের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মোস্তফা পালিয়ে যান। এ ঘটনায় বুধবার ছাত্রীর দাদি বাদী হয়ে মোস্তফাকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা করেন। রাতে পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, মোস্তফাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারের পাঠানো হয়েছে।