বরিশালে ধর্ষণের প্রতিবাদে কলেজছাত্রীর অবস্থান কর্মসূচি
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও নানা স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বরিশালে এক কলেজছাত্রী অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাঁর নাম ইসরাত জাহান সুরাইয়া। তিনি আনসার উদ্দিন মল্লিক কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তাঁর বাড়ি নগরের সাগরদী ব্রাঞ্চ রোড এলাকায়।
বুধবার সকাল ৯টা থেকে নগরের সদর রোডের ফুটপাতে অশ্বিনী কুমার হলের সামনে ইসরাত কর্মসূচি শুরু করেন। তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌসুমি রিনি, এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নীলিমা ও পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানমীম নাসে আরও তিন শিক্ষার্থী। তাঁরা প্লাকার্ডে লিখে রেখেছেন 'ধর্ষকদের ঠিকানা বাংলাদেশে হবে না’, 'ঘরে, বাইরে নারী নিপীড়ন রুখে দাঁড়ান' এমন স্লোগান।
ইসরাত বলেন, দেশে ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সমাজে নারী ও শিশুদের এখন কোনো নিরাপত্তা নেই। দৃষ্টান্তমূলক শাস্তির অভাব আর একের পর এক ধর্ষণের ঘটনায় নারী ও শিশুরা আতঙ্কিত। ধর্ষকদের কঠোর শাস্তি না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তাই কঠোর আইন ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ ছাড়া সকাল সাড়ে ৯টায় একই দাবিতে সাইকেল র্যালি বের করে লাল সবুজ সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। র্যালিটি নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। দুপুর ১২টায় অশ্বিনী কুমার হলের সামনে এই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ছাত্র সংগঠন ছাত্রফ্রন্ট নেতা-কর্মীরা। সমাবেশে বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব, সদস্যসচিব মনীষা চক্রবর্তী বক্তৃতা দেন। সমাবেশে মনীষা বলেন, বিচারহীনতার সংস্কৃতি আর ক্ষমতাসীনদের ছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাসীরা একের পর এক জঘন্য অপরাধ করলেও তাদের কোনো শাস্তি হয় না। এ রকম অবস্থার কারণেই বেগমগঞ্জে এক নারীর ওপর নারকীয় নির্যাতনের ঘটনা ঘটেছে।