বরিশালে নারী কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে সাপুড়ে মান্না পাহাড়ির দুই পায়ের রগ কেটে দেওয়াসহ কুপিয়ে জখম করার ঘটনায় নারী কাউন্সিলর ইসরাত আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাপের বাক্সে ইয়াবা বহনের প্রস্তাবে রাজি না হওয়ায় মান্নাকে কুপিয়ে জখম করার অভিযোগ এনে গত বুধবার রাতে তাঁর স্ত্রী কাজল বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।

ইসরাত আমান বরিশাল সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর। অন্য পাঁচ আসামি হলেন ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম, সরজিৎ চন্দ্র রায় ওরফে সবুজ, মো. ফিরোজ, মাসুদ মোল্লা ও রফিকুল ইসলাম। আহত মান্না বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সোয়া নয়টার দিকে নগরের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের মদিনা মসজিদ এলাকায় মান্না পাহাড়ির ওপর হামলা করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টায় পুলিশ তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মান্নার স্ত্রী কাজল বেগম বলেন, কয়েক মাস আগে মান্নাকে সাপের বাক্সে কক্সবাজার থেকে ইয়াবা বহনের প্রস্তাব দেন যুবলীগ কর্মী তরিকুল ইসলাম ও কাউন্সিলর ইসরাত। এতে রাজি না হওয়ায় মান্নাকে হুমকি দেন তাঁরা। গত সোমবার রাতে কাউন্সিলর ইসরাতের নির্দেশে তরিকুল ও তাঁর সহযোগীরা মান্নাকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, মান্নার স্ত্রী কাজল বেগম বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। গতকাল ইসরাত আমানকে গ্রেপ্তার করা হয়েছে।