সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জের ধরে বরিশালে এক এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর বরগুনায় নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করায় ওই নারীর স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক নিহত ব্যক্তির ফুফাতো ভাই। একই জেলায় প্রেমে সাড়া না দেওয়ায় এক মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে আহত করেছে এক বখাটে।
বরিশালে নিহতের নাম আমিনুল ইসলাম ওরফে রমজান (১৯)। তিনি সদর উপজেলার উলাল-বাটনা গ্রামের মো. আবদুর রশীদের ছেলে। তিনি শহীদ আবদুর রব সেরনিয়াবাত কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
এলাকাবাসী ও পরিবারের ভাষ্য অনুযায়ী, আমিনুলের সঙ্গে বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এতে বাদ সাধেন লাকুটিয়া গ্রামের বাসিন্দা তিনি আমিনুলের একই কলেজের শিক্ষার্থী মো. খায়রুল সিকদার (১৯)। গত শনিবার সন্ধ্যায় খায়রুল মুঠোফোনে আমিনুলকে লাকুটিয়া এলাকার নাইয়াপাড়ায় ডেকে নেন। পরে সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রড ও কাঠ দিয়ে আমিনুলকে পিটিয়ে ফেলে রেখে চলে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে রাত তিনটায় মাওয়ায় ফেরিতে মারা যান আমিনুল।
এদিকে আমিনুলের মৃত্যুর সংবাদ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে ক্ষুব্ধ গ্রামবাসী গতকাল রোববার সকালে লাঠিসোঁটা, রামদা, অন্যান্য অস্ত্রসহ লাকুটিয়া মাছবাজার ও খায়রুল সিকদারের বাড়িতে হামলা চালায়। এ সময় একটি দোকান ও পাঁচটি ঘরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে তারা।
আমিনুলের মামাতো ভাই মো. ইমরান হোসেন অভিযোগ করেন, খায়রুলের নেতৃত্বে তাঁর ছোট ভাই ইমরান সিকদার, এলাকার লাল চান, সাব্বির হোসেন, রায়হানসহ ১৫-১৬ জন পেটান আমিনুলকে। এ ঘটনায় এলাকাবাসী সাব্বিরকে আটক করে পুলিশে দিয়েছে।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। এর জের ধরে বিক্ষুব্ধ এলাকাবাসী সিকদারবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। এ ব্যাপারে আমিনুলের বাবা হত্যা মামলা করেছেন। মামলায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খায়রুল ও তাঁর সহযোগীরা পলাতক থাকায় ঘটনার ব্যাপারে তাঁদের কোনো বক্তব্য জানা যায়নি।
বরগুনা: বরগুনায় নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রের ভাষ্য, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কুদবারচর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে শিরিন আকতারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পার্শ্ববর্তী বরগুনা সদর উপজেলার পাতাকাটা গ্রামের আবদুল হামিদের ছেলে সোহেল (২৮)। কিন্তু শিরিনের পরিবার প্রস্তাবে রাজি হয়নি। পরে গত বছরের জুনে শিরিনের বিয়ে হয় পাতাকাটা গ্রামের মো. রাসেলের (২৫) সঙ্গে। রাসেল সম্পর্কে সোহেলের ফুপাতো ভাই। শিরিনকে বিয়ে করায় রাসেলের ওপর ক্ষুব্ধ হন সোহেল। এ নিয়ে সোহেল হুমকি দিচ্ছিলেন রাসেলকে। বিবাদ মেটাতে দুই পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়। কিন্তু সোহেলকে নির্বৃত্ত করা যায়নি।
গতকাল সকাল ১০টার দিকে রাসেল ও তাঁর বড় ভাই রুবেল আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া সেতুর কাছে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় সোহেল ও তাঁর বড় ভাই কবির সেখানে এলে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর সোহেল রামদা নিয়ে এসে রাসেল ও রুবেলকে কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর সময় রাসেল মারা যান। অবস্থা গুরুতর হওয়ায় রুবেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রুবেলের অবস্থাও আশঙ্কাজনক।
সোহেলের বোন চম্পা বেগম (৩২) গতকাল দুপুরে অভিযোগ করেন, তিনি স্বামীর সঙ্গে একটি কাঠ চেরাইয়ের কারখানায় যাচ্ছিলেন। পাকুরগাছিয়া সেতুর কাছাকাছি পৌঁছালে রাসেল ও কবির ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তিনি গুরুতর আহত হন। বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এ খবর শুনে তাঁর দুই ভাই সোহেল ও কবির সেতুর কাছে গিয়েছিলেন। এরপর কী হয়েছে সেটা জানেন না।
তবে নিহত রাসেলের চাচা নিজাম উদ্দীন অভিযোগ করেন, হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে নিজেরাই শরীরে জখম করে চম্পাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন বিকেলে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিয়ে-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিশোরীকে পিটিয়ে আহত: প্রেমে সাড়া না দেওয়ায় বরগুনায় দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৪) পিটিয়ে আহত করেছে বখাটেরা। শনিবার বিকেলে বরগুনা সদরের ফুলঝুরি ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত কিশোরীকে ওই দিন রাতেই বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে কিশোরীর বাবা বরগুনা থানায় একটি মামলা করেছেন।
ছাত্রীর পরিবারের অভিযোগ, কয়েক বছর ধরে মেয়েটিকে ইকবাল (১৭) নামে এক বখাটে উত্ত্যক্ত করছিল। মাস ছয় আগে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে মেয়েটি সাড়া দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল সহযোগী সজীব, রাজিবকে নিয়ে উত্ত্যক্ত করা বাড়িয়ে দেয়। শনিবার বিকেল চারটার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তারা মেয়েটির পথরোধ করে। একপর্যায়ে ইকবাল লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটায়। খবর পেয়ে এলাকার লোকজন উদ্ধার করে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কিশোরীর বড় বোন গতকাল দুপুরে এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, মামলার পরও বখাটেরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং তাঁদের পরিবারকে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন বলেন, ‘আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’