বরিশালে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে একজন গ্রেপ্তার
বিদেশে তৈরি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, দুটি গুলিসহ আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব-৮। পরে তাঁর বাড়ি থেকে আরও ৪টি আধুনিক আগ্নেয়াস্ত্র ও ১৮টি গুলি উদ্ধার করেন র্যাব সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল নগরের রূপাতলীতে র্যাব-৮ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান।
র্যাবের দাবি, গ্রেপ্তার আলমগীর একটি চরমপন্থী সর্বহারা দলের সক্রিয় সদস্য ও অস্ত্র ব্যবসায়ী। তাঁকে গৌরনদীর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কাণ্ডপাশা গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে।
র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাতে গৌরনদী বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় র্যাবের একটি টহল দল আলমগীরকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে আমেরিকায় তৈরি একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর কাছে আরও অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাঁকে নিয়ে তাঁর গ্রামের বাড়ি একই উপজেলার কাণ্ডপাশায় অভিযান চালিয়ে বিদেশে তৈরি ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ১৮টি গুলি উদ্ধার করা হয়।
র্যাবের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান বলেন, গ্রেপ্তার আলমগীর একটি চরমপন্থী সর্বহারা দলের সক্রিয় সদস্য ও অস্ত্র ব্যবসায়ী। বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য তিনি এই অস্ত্র ও গুলির মজুত করেছিলেন। তাঁর পেছনে আশ্রয় ও মদদদাতা হিসেবে আরও তিন-চারজনের নাম পাওয়া গেছে। তাঁরা র্যাবের নজরদারিতে রয়েছেন। শিগগিরই তাঁদের আটক করা সম্ভব হবে। তবে আলমগীরের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে। আলমগীরকে গৌরনদী থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, আলমগীরকে গতকাল বেলা আড়াইটার দিকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তবে এর আগে তাঁর বিরুদ্ধে গৌরনদী থানায় অন্য কোনো মামলা নেই।