বরিশাল নগরের কাউনিয়া থানার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ ওরফে রিন্টুর নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগে মুরাদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন মুরাদের ছেলে সালাউদ্দিন আহম্মেদ ও সালমান ওয়াহেদ এবং মফিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান ও আজাদ মিয়া।
কাউনিয়া থানার পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে থানার উপপরিদর্শক (এসআই) শাহিনের নেতৃত্বে পুলিশের একটি দল ৪ নম্বর ওয়ার্ডের গাউয়াসার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ওই এলাকার প্রধান সড়কের পাশের বালুর মাঠে পাঁচ যুবককে বসে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের শরীর তল্লাশি করে গাঁজা পান। পরে পাঁচ যুবককে আটক করে গাড়িতে ওঠানো হয়। গাড়িটি ৪ নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে মুরাদ আহম্মেদ দলবল নিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।
এসআই শাহীন জানান, প্রথমে মুরাদ আসামিদের গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন কনস্টেবল মোখলেস ও সাদেক। বিষয়টি থানায় জানানো হলে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের ওপরও হামলা চালানো হয়। এ সময় মাদকাসক্ত পাঁচ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এরই মধ্যে দুই আসামি পালিয়ে যায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়া এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।