বরিশালে পুলিশের 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া উপজেলায় গত বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. দুলাল মৃধা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুলাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।
বানারীপাড়া থানা-পুলিশের ভাষ্য অনুযায়ী, উপজেলার শলিয়া-বাকপুর ইউনিয়নের শাখারীয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এরই একপর্যায়ে এক ডাকাত নিহত হন। পরে জানা যায় তাঁর নাম মো. দুলাল মৃধা। তিনি সংঘবদ্ধ ওই ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলিভর্তি পাইপগান, পাঁচটি শটগানের গুলি, একটি রামদা, একটি মুঠোফোন এবং একটি শাবল উদ্ধার করা করেছে।
বানারীপাড়া থানার ওসি মো. জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, ‘নিহত দুলাল ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।’