বরিশালে প্যানেল মেয়র আটক, মামলা
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র মহানগর বিএনপির সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কে এম শহীদুল্লাহকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে আটকের পর অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল র্যাব গোপন সূত্রে খবর পায় যে শহীদুল্লাহ বরিশাল মহানগরের ছবি নীড় ভবনে তাঁর ব্যবসায়িক কার্যালয়ে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও তিনটি গুলিসহ তাঁকে আটক করা হয়। পিস্তলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁর বিরুদ্ধে বরিশালের কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। রাতেই পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আজ বুধবার আদালতের মাধ্যমে শহীদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।