বরিশালে বখাটের ক্ষুরের আঘাতে কলেজছাত্রী জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে এক বখাটে ধারালো ক্ষুরের আঘাতে বরিশাল বিএম কলেজের এক ছাত্রীকে (১৯) গুরুতর আহত করেছে। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার রাতে উজিরপুরের শোলক ইউনিয়নের ধামুরায় কলেজছাত্রীর ওপর এ হামলা হয়। এ ঘটনায় গতকাল রোববার তাঁর মা উজিরপুর মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও প্রধান আসামি আলাল সরদার (২২) পলাতক।

গত বছরের ৩ অক্টোবর বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন। তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুল আলম। হামলার সময় জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়। খাদিজার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের ঝড় ওঠে। ওই ঘটনায় করা হত্যাচেষ্টার মামলায় বদরুলকে বিচারিক আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্র বলেছে, বরিশালের আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের একটি গ্রামে বিএম কলেজের সম্মান শ্রেণির ওই ছাত্রীর বাড়ি। তাঁকে কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন উজিরপুরের কাংশী গ্রামের বখাটে আলাল সরদার। অশালীন প্রস্তাবও দিতেন। একপর্যায়ে কলেজছাত্রীকে অপহরণ ও হত্যার হুমকি দেন আলাল।

ওই কলেজছাত্রীর এক সহপাঠী বলেন, শনিবার ওই কলেজছাত্রীসহ তাঁরা তিন বান্ধবী কলেজে পরীক্ষা শেষে বরিশাল শহর থেকে ধামুরাগামী লোকাল বাসে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার পর ধামুরা বাসস্ট্যান্ডে নেমে রিকশা ভ্যানে ওঠেন। সন্ধ্যা সাতটার দিকে ধামুরা পুলিশ ফাঁড়ির প্রায় ৫০ গজ দূরে পৌঁছানোর পর সেখানে থাকা আলাল দুই সহযোগীকে নিয়ে তাঁদের পথরোধ করে ছাত্রীটিকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে সঙ্গে থাকা ধারালো ক্ষুর দিয়ে তাঁর কপাল থেকে ঠোঁটের নিচ পর্যন্ত চিরে দেন আলাল। তাঁদের চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যান। সে সময় কোনো পুলিশ এগিয়ে আসেনি। পরে গুরুতর জখম অবস্থায় বান্ধবীকে উদ্ধার করে ধামুরা বাজারে এক চিকিৎসকের চেম্বারে পাঠালে তিনি ১৪টি সেলাই দেন। অবস্থা গুরুতর হওয়ায় নয়টার দিকে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রনবী দাস বলেন, ক্ষুরের আঘাতে ছাত্রীটির মুখমণ্ডল থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রাত সাড়ে ১২টার পর তিনি চেতনা ফিরে পান। বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে, তবে আতঙ্ক কাটেনি।

জানতে চাইলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, কলেজছাত্রীকে জখম করার ঘটনায় তাঁর মা থানায় মামলা করেছেন। ওই ঘটনায় জড়িত সন্দেহে শনিবার রাতেই ধামুরায় অভিযান চালিয়ে মো. সৌরভ (২৩) ও মিরাজ হোসেনকে (২২) আটক করা হয়। গতকাল ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি আলাল পলাতক।

রত্নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, কিছু বখাটে দীর্ঘদিন ধরে ঘটনাস্থলের আশপাশে স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এলাকাবাসী তাদের বিরুদ্ধে সংগঠিত হলে কিছুদিন হয় তারা পিছু হটে। হঠাৎ শনিবার কলেজছাত্রীর ওপর হামলার ঘটনা ঘটল। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি চান।