জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে একটি বেড়িবাঁধ নির্মাণ চলছে। এই বাঁধ নির্মাণের কাজে দুর্নীতি ও অনিয়ম হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রকল্পটির বেইজলাইন প্রতিবেদন উপস্থাপনে এই দুর্নীতি ও অনিয়মের কথা বলা হয়েছে। বিকেলে নগরের পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
টিআইবির উদ্যোগে গঠিত বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন টিআইবির জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা জাকির হোসেন খান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে ২৪ কিলোমিটার দীর্ঘ এ বেড়িবাঁধ নির্মাণ চলছে। প্রায় ৬০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ৯ কোটি ৯৭ হাজার টাকার এই প্রকল্পে ১ লাখ ৮০ হাজার মানুষের উপকার হওয়ার কথা। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে অধিকাংশ মানুষ বাঁধের সুফল থেকে বঞ্চিত হয়েছে। অনেক স্থানে পরিবর্তন করা হয়েছে প্রকল্পের কাঠামো। বাঁধ সরিয়ে দেওয়ার জন্য ক্ষেত্রবিশেষে উৎকোচ নেওয়া হয়েছে, যার পরিমাণ এক লাখ থেকে দুই লাখ টাকা। এর বাইরে দরিদ্র জনগোষ্ঠীর চাষের জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়া হয়েছে। এতে সেসব জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া কাজের গুণগত মানও সঠিক হয়নি।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, পানি উন্নয়ন বোর্ড কেবল বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করে। অর্থ বরাদ্দ ও প্রকল্প অনুমোদন করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। মন্ত্রণালয় অর্থ ছাড় করতে দীর্ঘসূত্রতা করে। এর ফলে প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। প্রকল্প সময় বাড়ানো হলেও প্রকল্প ব্যয় বাড়ানো হয় না।
বেড়িবাঁধ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, প্রকল্পের জন্য নয় কোটি টাকা বরাদ্দ হলেও ছাড় করা হয়েছে মাত্র পাঁচ কোটি টাকা। অথচ প্রকল্প মেয়াদ বাড়ানো হয়েছে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত। অর্থের বিনিময়ে বাঁধের পরিবর্তন কিংবা স্থানীয় ব্যক্তিদের ভয়ভীতি দেখানোর অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, গুণগত মান ঠিক রাখার জন্য সঠিক সময়ে অর্থ ছাড় করা প্রয়োজন। অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতার কারণে সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। আর জমি অধিগ্রহণে বরাদ্দ না থাকায় যঁাদের জমি কাটা হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি।
প্রতিবেদন উপস্থাপনের সময় অন্যান্যের মধ্যে উপসহকারী প্রকৌশলী সোহাগ তালুকদার, অধ্যাপক গাজী জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, অধ্যাপক শাহ সাজেদা, আসমা চৌধুরী, জাহানারা বেগম, টিআইবির আঞ্চলিক কর্মকর্তা চিত্তরঞ্জন, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।