বরিশালে বাসে গণধর্ষণ, ৫ জন গ্রেপ্তার
বরিশালে চলন্ত বাসে দুই নারীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারীর স্বামী। তিনিও বাস শ্রমিক। গত ২৩ জানুয়ারি এই ঘটনা ঘটলেও প্রায় দেড় মাস পর গত মঙ্গলবার এই মামলা করেন তিনি। মামলার ছয় আসামির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরিশাল জেলা বাস মালিক-শ্রমিক সমিতির সদস্য রনি মৃধা, তারেক হাসান, সুজন কুমার মিত্র, দেবাশীষ দাস ও নাসির চাপরাসী। তাঁদের বাড়ি সদর উপজেলার গড়িয়ারপাড় এলাকায়। এই পাঁচ আসামি গতকাল বুধবার মহানগর বিচারিক হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত মঙ্গলবার গভীর রাতে বরিশাল বিমানবন্দর থানায় মামলাটি করা হয়। জানাজানি হওয়ার ভয়ে দীর্ঘদিন মামলা করেননি বলে দাবি করেন মামলা বাদীর।
মামলার এজাহারে জানা যায়, গত ২৩ জানুয়ারি মাদারীপুরের ভুরঘাটা এলাকার এক পরিবহন শ্রমিক তাঁর স্ত্রী, মামাতো বোন ও এক বন্ধুকে নিয়ে কুয়াকাটা থেকে রাত সোয়া দুইটার দিকে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছান। তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সেবা পরিবহনের গাড়ির চালক নাসির তাঁদের গাড়িতে তোলেন। কিছু দূর যাওয়ার পর নাসিরের সহযোগীরা দুই নারীর সঙ্গে থাকা দুজনকে বেঁধে ফেলে। এরপর বাসটি রাতভর নথুল্লাবাদ এবং রামপট্টি পর্যন্ত আসা-যাওয়া করে এবং ওই দুজনকে পালাক্রমে ধর্ষণ করেন নাসির ও তাঁর সহযোগীরা। ভোরে তাঁদের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে যায়। লোক-লজ্জা আর নানা সামাজিক চাপের কারণে দীর্ঘদিন এ বিষয়ে তাঁরা মামলা করেননি। কিন্তু পরে মোবাইলে ধারণ করা ওই ধর্ষণের ছবি ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করতে থাকে ধর্ষণকারীরা। বিষয়টি শ্রমিক ইউনিয়নকে জানালে ইউনিয়ন মামলার কথা বললে বাদী মামলা করেন।
এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এই ঘটনায় দীর্ঘদিন মামলা না হওয়ায় এই দুই সংগঠন ক্ষোভও প্রকাশ করে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বরিশাল বিভাগের সমন্বয়কারী আইনজীবী মুনিরা বেগম বলেন, এত দিন আগের ঘটনার আলামত পাওয়া যাবে না। ফলে প্রকৃত ঘটনা ধামাচাপা পড়ার আশঙ্কা রয়েছে। মামলা দায়ের না করতে যদি চাপ দিয়ে থাকে তাহলে চাপ সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাস টার্মিনালের শ্রমিকেরা এমন একটি ঘটনা ঘটাল সেটা মামলা হওয়ার পর জানতে পারি। এত দিন কেন মামলা করা হয়নি সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বৈঠক ডাকা হয়েছে। সভায় ওই ঘটনার কারণ এবং এর সঙ্গে অন্য কোনো সদস্য জড়িত আছে কি না সেটাও দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, এত দিন পর কেন মামলা হয়েছে তা মামলার এজাহারে উল্লেখ করা আছে। পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পলাতক আসামি মো. মিজানকে গ্রেপ্তারে অভিযান চলছে।