বরিশালে বাসে পেট্রলবোমা
বরিশালে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কোনো যাত্রী আহত হননি।
গতকাল শনিবার রাতে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়কের পাশে থাকা একটি গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের ভাষ্য, নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে শ্রমিক পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। গতকাল রাত সাড়ে সাতটার দিকে দুই যুবক মোটরসাইকেলে করে এসে বাসটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বাস টার্মিনালে দেওয়া অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই আগুনে গাড়িটির ভেতরের অংশ পুড়ে ছাই হয়ে যায়।
বরিশাল জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, যাত্রীবাহী বাসটি বরিশাল-মাদারীপুর রুটে চলত। গতকাল সন্ধ্যায় যাত্রী নামিয়ে পার্কিং করা ছিল গাড়িটি। হঠাৎ তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আব্দুর রউফ খান জানান, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগে শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে।